“ডায়াবেটিস-সেবায় পার্থক্য আনতে পারেন নার্সরাই”এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৪নভেম্বর) সকাল ১০টায় জেলা ডায়াবেটিস সমিতির
আয়োজনে ৫০ শয্যা বিশিষ্ট ডায়াবেটিস হাসপাতালের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব-বিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর মোহাম্মাদ আলী। জেলা ডায়াবেটিস সমিতির
সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর সিকদার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ৫০ শয্যা বিশিষ্ট ডায়াবেটিস হাসপাতালের ডাঃ জয় গোপাল দাস, সিনিয়র নার্স মনিরা, সমাজ কল্যাণ কর্মকর্তা রীনা দাস প্রমুখ। আলোচনা সভা শুরু আগে
৫০ শয্যা বিশিষ্ট ডায়াবেটিস হাসপাতাল প্রাঙ্গণে ডায়াবেটিস রোগ নির্নয় বিনামূল্যে রক্ত পরীক্ষা করা হয়। স্বাস্থ্যঝুঁকি কমিয়ে আনতে ডায়াবেটিক রোগীদের উপযুক্ত স্বাস্থ্যশিক্ষা দেয়া ছাড়াও সার্বিকভাবে ডায়াবেটিস-সেবায় উন্নততর করতে নার্সরা
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এজন্য দরকার নার্সদের উপযুক্ত প্রশিক্ষণ। চিকিৎসকদের পাশাপাশি নার্সরাও যাতে ডায়াবেটিস-সেবায় যথাযথ ভূমিকা রাখতে পারেন সেজন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার এখনই সময় বললেন
অনুষ্ঠানের প্রধান অতিথি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব-বিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর মোহাম্মাদ আলী।